গাজীপুরে বুধবার (০৫ ডিসেম্বর) রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নয় মাসের শিশু সন্তানের জননী এক নারী। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মৃত মাকসুদা (২৩) এর স্বামী মো. মানিক মিয়া।
মৃত মাকসুদা (২৩) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গাংপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে। তিনি বাসন থানার দক্ষিণ ভোগড়া এলাকায় আবুল বাশার এর বাড়িতে ভাড়া থাকতেন। স্বামী-স্ত্রীর মাঝে মাঝেমধ্যেই ঝগড়া হতো বলে জানায় স্থানীয়রা। তার স্বামী মো. মানিক মিয়া স্থানীয় একটি কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করে৷
জানা গেছে, মৃতের স্বামী মানিক মিয়া কর্মবিরতি শেষে কারখানা থেকে দুপুরে খাবার খাওয়ার জন্য বাসায় এসে স্ত্রী মাকসুদার কাছে ভাত চাইলে। মৃত মাকসুদা খাবার রান্না করে নাই বলে জানায়। যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। তখন মাকসুদার স্বামী (মানিক মিয়া) তার ছোট বোনকে বাসায় আসার জন্য বলে। মানিক মিয়ার ছোট বোন বিউটি বাসায় এসে মাকসুদাকে জিজ্ঞাসা করে দুপুরের খাবার কেন রান্না করা হয় নাই এবং দুপুরের খাবার রান্না না করার জন্য মাকসুদার সাথে ঝগড়াঝাটি করে। ঝগড়াঝাটির পর মাকসুদার ৯ মাসের শিশু সন্তানকে বিউটি তার সাথে নিয়ে যায়। ঝগড়াঝাটির জের ধরেই রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মাকসুদা।
এ ঘটনায়, জিএমপির সদর জোনের এসি ফাহিম আসজাদ, ও বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক এবং ইন্সপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাসন থানার অফিসার ইনচার্জ মো. আবু সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
