ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে না: আমীর খসরু

খুলনা প্রতিনিধিঃ
জানুয়ারি ২১, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
link Copied

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই। জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এবং সেই সরকারের অধীনে ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে। তিনি সতর্ক করে বলেন, জনগণের চাহিদা অনুযায়ী সংস্কার না করলে, সেই সিদ্ধান্ত জনগণ আবার ছুড়ে ফেলবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) যশোরের একটি হোটেলে ‘অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খুলনা বিভাগের ১০ জেলার চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, “সংস্কার অনেকের কাছে নতুন শোনালেও বিএনপির জন্য এটি কোনো নতুন বিষয় নয়। দেশের ৯০ শতাংশ অগ্রগতি বিএনপির হাত ধরেই এসেছে। আমরা সংস্কারের বিষয়ে অন্য কারও কাছ থেকে কোনো পরামর্শের প্রয়োজন অনুভব করি না।”

স্বৈরাচার সরকারের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান বাজেট দুর্নীতিপ্রবণ। ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটিতে উন্নীত করা হয়েছে। এক হাজার কোটির বাজেট তিন হাজার কোটিতে বাড়ানো হয়েছে। এই অর্থ ব্যয় এখন জনগণের জন্য অপ্রয়োজনীয়।”

তিনি দাবি করেন, “স্বৈরাচার সরকারের এই বাজেট স্থগিত করে অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন বাজেট প্রণয়ন করুক, যা জনগণের প্রয়োজন অনুযায়ী হবে। গত পাঁচ মাস ধরে কেন অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।”

আমীর খসরু মাহমুদ চৌধুরী পুনরায় জোর দিয়ে বলেন, “জাতীয় সরকারের অধীনে জনগণের জন্য একটি গ্রহণযোগ্য, দুর্নীতিমুক্ত এবং টেকসই অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা গ্রহণ করা হবে।”

এই মতবিনিময় সভায় খুলনা বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে অর্থনৈতিক পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।