কিশোরগঞ্জের কটিয়াদীতে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চুরি, ডাকাতি, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধির প্রতিবাদে সাধারণ ছাত্র জনতা ও কটিয়াদীবাসী মানববন্ধন করেছে। স্থানীয় প্রশাসনের নিস্ক্রিয়তার অভিযোগ তুলে দ্রুত পরিস্থিতি উন্নয়নের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।বুধবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন এড. নুরুল ইসলাম রমজান, জাতীয় নাগরিক কমিটির সদস্য মতিউর রহমান, সমাজকর্মী আমিনুল ইসলাম শাহিন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন রিপন, ডা. শামিম ভূঞা, স্বেচ্ছাসেবী রায়হানুল ইসলাম রানা, ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখার সাবেক সভাপতি ইমরান হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল রোমান, এনায়েত উল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা কাওসার হোসাইন এবং খেলাফত মজলিসের প্রতিনিধি মুফতী তাফাজ্জল হক রাশিদী।
বক্তারা বলেন, কটিয়াদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে চললেও প্রশাসন উদাসীন এবং কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, আইন শৃঙ্খলার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
