গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার এলাকায় ঝুট ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপি দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং সাধারণ সম্পাদক আয়াত উল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নয়নপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে পরে বাড়ি ফিরেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক ঘণ্টা আগে একটি পক্ষ স্থানীয় ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে চলে যেতে বলে। কিছুক্ষণ পরই লাঠিসোঁটা নিয়ে একটি পক্ষ মিছিল শুরু করে, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের কর্মীরা একে অপরের ওপর হামলা চালায়। এ সময় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
সংঘর্ষের পর বিষয়টি নিয়ে সাংগঠনিক তদন্ত শুরু করে শ্রীপুর উপজেলা বিএনপি। তদন্তে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলে মজিবুর রহমান মোল্লা ও আয়াত উল্লাহর বিরুদ্ধে। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা বিএনপি তাদের বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, ‘মারামারির ঘটনায় জড়িত দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা রক্ষা আমাদের সবার দায়িত্ব।’
স্থানীয়রা সংঘর্ষের ঘটনায় হতাশা প্রকাশ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে তারা আরও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
