ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মা-মেয়ে আহত, হাসপাতালে ভর্তি

মির্জা নাদিম
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
link Copied

 

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পাশে নূর ফ্যাশনের নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে দেয়াল ধসে পড়ে পাশের টিনশেড কাদির খা বাড়ির ওপর। এতে ভাড়াটিয়া কল্পনা (৩৫) ও তার মেয়ে তানজিলা (১৫) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, কল্পনা ও তানজিলা দুজনই গার্মেন্টস কর্মী। আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে তাদের ছুটি থাকায় দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ ভবনের ৭ তলার দেয়াল ধসে তাদের ঘরের ওপর পড়ে। টিনের ছাদ থাকায় ধ্বংসস্তূপ সরাসরি তাদের ওপর পড়ে, ফলে তারা মারাত্মকভাবে আহত হন।

 

নূর ফ্যাশনের মালিক নরুল ইসলাম ড্যালি জানান, ভবনের ৭ তলা তিনি মোহর খাঁ’র কাছে বিক্রি করেছেন এবং বর্তমানে তিনি নির্মাণকাজ পরিচালনা করছেন। দুর্ঘটনার পর মোহর খাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তিনি খান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টারের মালিক।

 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ বলেন, “ঘটনাটি আমাদের থানার পাশেই ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এদিকে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মনে করেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ভবন নির্মাণের সময় নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা জরুরি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।