ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • অন্যান্য
বিজ্ঞপ্তি
আজকের সর্বশেষ সবখবর

নতুন কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন

নিত্যবেলা প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
link Copied

একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা এর প্রতিবাদে শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সরকার দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। দেশ-বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানো একতরফা নির্বাচনের নামে নাটক করছে। বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিচ্ছে তারা।

তিনি বলেন, সরকার নির্বাচনের আগে ঠিক করছে কে বিরোধী দল হবে। এভাবে নির্বাচনের নামে জাতিকে ধোঁকা দিচ্ছে আওয়ামী লীগ। সরকারের একগুয়েমির কারণে দেশ ভয়াবহ সঙ্কটের দিকে ধাবিত হচ্ছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে দেশ।

শিক্ষা কারিকুলাম সম্পর্কে চরমোনাই পীর বলেন, নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে বিরানব্বই ভাগ মানুষের চিন্তা চেতনা অনুযায়ী পুনরায় শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে।