গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘গত সিটি নির্বাচনে আমার মাকে নিয়ে তাদের এলাকায় প্রচারণায় এসেছিলাম। তারা আমার মায়ের ওপর হামলা চালিয়েছে, আমার মায়ের গায়ে হাত তুলেছে। অথচ নৌকা প্রতীকের (প্রতিমন্ত্রীর) মা যদি আমার এলাকায় যেতেন তাহলে আমি ওনার জন্য আমার গায়ের চাদর বিছিয়ে দিতাম।
স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের ট্রাক প্রতীকের নির্বাচনি পথসভায় টঙ্গীতে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও তার চাচা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতিকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর আলম এ কথা বলেন।
গত সোমবারও টঙ্গীতে তাদের ট্রাক প্রতীকের একাধিক পথসভায় বাধা ও হামলার ঘটনা ঘটে। এসব হামলা ও বাধা উপেক্ষা করে সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে গণসংযোগ অব্যাহত রাখেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। দলীয় এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টঙ্গীতে পথসভায় বক্তৃতাকালে জাহাঙ্গীর আলম গত সিটি নির্বাচনে তার প্রার্থিতা বাতিল হওয়া এবং তার মা জায়েদা খাতুনকে নির্বাচনি প্রচার কাজে বার বার বাধা, হামলা ও কেন্দ্রে তাদের এজেন্ট দিতে না দেয়াসহ বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য রাখেন। পথসভাগুলোতে তার বক্তব্য চলাকালে পিনপতন নীরবতা নেমে আসে এবং থেমে থেমে মুর্হুমুহু স্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। গত সোমবার গাজীপুর-২ নির্বাচনি এলাকার টঙ্গীতে ট্রাক প্রতীকের সমর্থনে প্রচারণাকালেও তারা কয়েক দফায় বাধা ও হামলার শিকার হন। সোমবার রাতে নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে টঙ্গীর বনমালা রেলগেট ও এরশাদ নগর ৮ নম্বর ব্লক মোড়ে নৌকা প্রতীকের কর্মীরা স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও তার প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। এতে অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান। এরশাদ নগর ৮ নম্বর ব্লক মোড়ে একটি ভবনের ওপর থেকে ছুড়ে মারা ঢিল জাহাঙ্গীর আলমের ওপর এসে পড়লেও তিনি বক্তব্য চালিয়ে যান।
বক্তৃতায় জাহাঙ্গীর আলম আরও বলেন, কোনো এলাকার সংসদ সদস্য যদি তার এলাকার স্থানীয় সরকার প্রতিনিধির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিরোধে জড়ান এবং এলাকার উন্নয়নে অসহযোগিতা করেন তখন এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হয়, মানুষ সেবা থেকে বঞ্চিত হয়।
গাজীপুর-২ আসনের বর্তমান এমপি জাহিদ আহসান রাসেলের অসহযোগিতার কারণে এলাকার উন্নয়ন ব্যাহত হয়েছে অভিযোগ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘তিনি (প্রতিমন্ত্রী) ষড়যন্ত্র করে তিন বছরের মাথায় আমার মেয়রের চেয়ার কেড়ে নিয়েছেন। বাকি দুই বছর অনুগত একজন কাউন্সিলরকে ভারপ্রাপ্ত মেয়র বানিয়ে গাজীপুর সিটি করপোরেশনে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট করেছেন। তাই এলাকার উন্নয়নের স্বার্থেই ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে নির্বাচনি মাঠে নেমেছি। তিনি এমপি নির্বাচিত হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে এলাকার উন্নয়ন ঘটাব। গাজীপুর নগরী হবে সারা দেশের সবচেয়ে উন্নত নগরী। সারা দেশের মানুষ গাজীপুর নগরী দেখতে আসবে।
